শান্তি বেছে নেওয়া দুর্বলতা নয়
ছোট লেখা |
শেষ পর্যন্ত মানুষ চায় শান্তি। অনেক লড়াই, অনেক সম্পর্ক, অনেক প্রমাণ, অনেক দৌড়ঝাঁপের পর মানুষ একদিন বুঝে যায়, সব জয় দরকার নেই; কিছু শান্তি দরকার। যে শান্তিতে রাতে ঘুম আসে, যে শান্তিতে নিজের কাছে অপরাধী মনে হয় না, যে শান্তিতে কাউকে দেখানোর জন্য নয়, নিজের সত্যের জন্য বাঁচা যায়—সেই শান্তিই জীবনের বড় সম্পদ।
এই শান্তির জন্য অনেক কিছু ছাড়তে হয়। কিছু মানুষ, কিছু অভ্যাস, কিছু স্মৃতি, কিছু অহংকার, কিছু অসমাপ্ত প্রশ্ন। সব উত্তর খুঁজতে গেলে মানুষ ক্লান্ত হয়ে যায়। জীবনের সব ঘটনা ব্যাখ্যা পাওয়ার জন্য আসে না; কিছু ঘটনা আসে মানুষকে বদলে দেওয়ার জন্য। তাই যা বদলানো যায় না, তাকে নিয়ে প্রতিদিন নিজের জীবন নষ্ট করবেন না। বরং যা এখনো আপনার হাতে আছে, সেটাকে সুন্দর করে গড়ে তুলুন।
শান্তি বেছে নেওয়া দুর্বলতা নয়। শান্তি বেছে নেওয়া মানে নিজের জীবনকে অপ্রয়োজনীয় আগুন থেকে সরিয়ে আনা। যে মানুষ শান্তিকে মূল্য দেয়, সে জানে—পৃথিবী জিতে লাভ নেই, যদি নিজের মনটাই হারিয়ে যায়। তাই নিজের মনের যত্ন নিন, অকারণ প্রতিযোগিতা থেকে দূরে থাকুন, আর এমন জীবন গড়ুন যেখানে স্বস্তি থাকে।
লেখক: মাহবুব সরদার সবুজ