শান্তিই বড় প্রাপ্তি
ছোট লেখা |
জীবনে শান্তি সবচেয়ে বড় প্রাপ্তির একটি। অনেক টাকা, বড় পরিচয়, বহু মানুষের প্রশংসা—সবকিছু থাকলেও যদি মনের ভিতরে অস্থিরতা থাকে, তবে মানুষ পূর্ণতা পায় না। তাই জীবনে এমন জিনিস বেছে নেওয়া দরকার, যা মনকে ক্লান্ত নয়, স্থির করে।
অনেকেই জীবনের সব সিদ্ধান্ত নেয় মানুষ কী বলবে এই ভেবে। কিন্তু মানুষ আজ বলবে, কাল ভুলে যাবে; অথচ সেই সিদ্ধান্তের ফল আপনাকে বহন করতে হবে। তাই নিজের বিবেকের সঙ্গে মিল আছে কি না, সেটাই আগে ভাবুন।
যে সম্পর্ক শান্তি কেড়ে নেয়, যে কাজ আত্মাকে প্রতিদিন শুকিয়ে দেয়, যে অভ্যাস আপনাকে নিজের কাছ থেকে দূরে নিয়ে যায়—সেগুলোকে জীবনের কেন্দ্র বানাবেন না। শান্তি চাইলে কিছু জিনিস ছাড়তে হয়, কিছু মানুষ থেকে দূরে থাকতে হয়, কিছু ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে হয়।
শান্ত জীবন মানে সমস্যা নেই এমন নয়। শান্ত জীবন মানে সমস্যা থাকলেও নিজের ভিতরে ভেঙে না পড়ার ক্ষমতা থাকা। শান্তি বেছে নেওয়া মানে সবকিছু ছেড়ে পালানো নয়; এটি নিজের জীবনকে সঠিক পথে রাখতে সচেতন হওয়া। সচেতন মানুষই বুঝতে পারে, শান্তি হারিয়ে কোনো প্রাপ্তি সম্পূর্ণ হয় না।
লেখক: মাহবুব সরদার সবুজ