শিকড়কে ভুলে গেলে গাছ মহৎ হয় না
ছোট লেখা |
মানুষের জীবনে মা-বাবার ত্যাগ এমন এক ঋণ, যার হিসাব কোনোদিন পুরো করা যায় না। ছোটবেলায় আমরা শুধু তাদের শাসন দেখি, তাদের নিষেধ দেখি, তাদের কঠোরতা দেখি। বড় হতে হতে বুঝি, সেই কঠোরতার ভেতরেই ছিল নিরাপত্তা, সেই নিষেধের ভেতরেই ছিল অভিজ্ঞতার সতর্কতা, সেই শাসনের ভেতরেই ছিল আমাদের ভালো থাকার চিন্তা।
অনেক সন্তান সফল হয়ে ভাবে, সে একাই সব করেছে। কিন্তু তার পেছনে কত ঘুমহীন রাত, কত অদেখা দুশ্চিন্তা, কত নিজের ইচ্ছা বিসর্জনের গল্প থাকে, তা সে অনেক দেরিতে বোঝে। মা-বাবা অনেক সময় নিজের কষ্ট বলেন না, কারণ তারা সন্তানের মুখে হাসি দেখতে চান।
তাই সময় থাকতে তাদের মূল্য দিন। শুধু টাকা দিয়ে নয়, সময় দিয়ে, কথা দিয়ে, পাশে থেকে। তারা যখন বৃদ্ধ হয়, তখন তাদের দরকার বিলাসিতা নয়; দরকার সন্তানের মনোযোগ। যে সন্তান মা-বাবাকে সম্মান করতে জানে, সে জীবনের সবচেয়ে বড় মানবিক শিক্ষা অর্জন করেছে। কারণ শিকড়কে ভুলে গেলে গাছ কোনোদিন মহৎ হতে পারে না।
তাদের কাছে ফিরে যাওয়ার সময় যেন দেরি না হয়ে যায়। জীবনের ব্যস্ততার মাঝেও তাদের জন্য রাখা সামান্য সময়ও তাদের চোখে অমূল্য হয়ে ওঠে।
লেখক: মাহবুব সরদার সবুজ