শুধু চাওয়া
কবিতা |
কভু দেখিনি তোমায় নিয়ে কোনো স্বপ্ন আঁকা,
জেনেছিলে তুমি নও আমার, এ পথ ছিল বাঁকা।
শুধু চেয়েছি পাশে রবো, তোমার হাসির সাথী,
দুঃখের ছায়ায় কাঁদিব, জ্বেলে ভালোবাসার বাতি।
তবুও সে অধিকারটুকু দিলে না তুমি মোরে,
দূর করে দিলে, অন্যে বসালে হৃদয়ের দ্বারে।
কিছুই তো চাইনি কভু, শুধু এক কোণ ঠাঁই,
তোমার মনের গভীরে, যেখানে আমার নাই।
আজ আমি বহুদূর, দৃষ্টির সীমানা ছাড়ি,
তবুও হৃদয় তোমার পানেই দেয় যে পাড়ি।
জানি, তুমি হবে না কভু আমার আপনজন,
তবুও তোমায় ভালোবেসে যাবো এ জীবন।
কারণ ভালোবাসা শুধু প্রাপ্তির হিসাব নয়,
ভালোবাসা তো শুধু মন দিয়ে মন জয়।
লেখক: মাহবুব সরদার সবুজ