সম্পর্ক যেন মানুষকে বাঁচায়
জীবনদর্শন |
কিছু সম্পর্ক মানুষকে শক্তি দেয়, আবার কিছু সম্পর্ক মানুষকে নিজের কাছ থেকেই দূরে সরিয়ে দেয়। যেখানে প্রতিদিন নিজেকে ব্যাখ্যা করতে হয়, যেখানে আপনার মন খারাপকে গুরুত্ব না দিয়ে নাটক বলা হয়, যেখানে আপনার চুপ করে থাকাকেও অপরাধ বানানো হয়, সেখানে সম্পর্কের নাম থাকলেও নিরাপত্তা থাকে না।
মানুষের মন কোনো যুদ্ধক্ষেত্র নয় যে সেখানে প্রতিদিন জিততে হবে। ভালোবাসার জায়গা হওয়া উচিত শান্তির, বোঝাপড়ার, সম্মানের। সেখানে দুজন মানুষ ভুল করবে, আবার সেই ভুল বুঝেও ঠিক করার চেষ্টা করবে। কিন্তু যদি একজন সবসময় আঘাত দেয় আর আরেকজন সবসময় ক্ষমা করতে করতে ক্লান্ত হয়ে যায়, তবে সেটি ভালোবাসা নয়, একতরফা সহ্য।
সুস্থ সম্পর্ক মানুষকে ছোট করে না। সুস্থ সম্পর্ক মানুষকে তার নিজের মতো থাকতে দেয়, তার স্বপ্নকে সম্মান করে, তার দুর্বলতার সুযোগ নেয় না।
তাই শুধু সম্পর্ক আছে বলে সম্পর্ক বাঁচিয়ে রাখবেন না। দেখুন, সেই সম্পর্ক আপনাকে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখছে কি না। কারণ যে সম্পর্ক মানুষকে প্রতিদিন ক্লান্ত করে, সেটি যত পুরোনোই হোক, সেখানে নতুন করে নিজের মনের কথা শোনা জরুরি।
লেখক: মাহবুব সরদার সবুজ