স্মৃতির জন্য নিজেকে কষ্ট দেবেন না
ছোট লেখা |
কিছু মানুষ আপনার জীবনে আসে খুব আপন হয়ে, কিন্তু সময়ের সঙ্গে বোঝা যায় তারা আপনার জন্য শান্তি নয়, অস্থিরতা নিয়ে এসেছে। তাদের সঙ্গে কথা বললেই মন ক্লান্ত হয়, তাদের উপস্থিতিতে নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ তৈরি হয়, তাদের আচরণ আপনাকে বারবার ছোট অনুভব করায়। তবু মানুষ অনেক সময় পুরোনো স্মৃতির জন্য থেকে যায়।
স্মৃতি সুন্দর হতে পারে, কিন্তু বর্তমান যদি প্রতিদিন আঘাত দেয়, তাহলে শুধু স্মৃতির জন্য নিজেকে কষ্ট দেওয়া ঠিক নয়। মানুষ বদলাতে পারে, সম্পর্ক বদলাতে পারে, অনুভূতিও বদলাতে পারে। যে সম্পর্ক একসময় আশ্রয় ছিল, সেটি যদি এখন বিষ হয়ে যায়, তবে সেটি নিয়ে নতুন করে ভাবা দরকার।
নিজেকে প্রশ্ন করুন, এই সম্পর্ক আমাকে মানুষ হিসেবে বড় করছে, নাকি ভিতর থেকে ভাঙছে? আমি এখানে সম্মান পাচ্ছি, নাকি শুধু মানিয়ে নিচ্ছি? উত্তর যদি কষ্টদায়কও হয়, তবু সত্যকে এড়িয়ে যাবেন না। কারণ সত্য মেনে নেওয়া কঠিন, কিন্তু মিথ্যার মধ্যে বেঁচে থাকা আরও কঠিন।
নিজেকে বেছে নেওয়া কখনো পাপ নয়। বরং যে নিজেকে সম্মান করতে জানে, সে-ই অন্যকে সুস্থভাবে ভালোবাসতে পারে।
লেখক: মাহবুব সরদার সবুজ