সংখ্যার চেয়ে সত্যিকারের মানুষ মূল্যবান
ছোট লেখা |
মানুষকে চেনার জন্য বড় বড় ঘটনা দরকার হয় না। কখনো সামান্য অসুবিধাতেই বোঝা যায়, কে সত্যিকারের আপন আর কে শুধু সুবিধার সময় কাছাকাছি ছিল। যখন আপনার দেওয়ার মতো অনেক কিছু থাকে, তখন অনেকেই আসে; কিন্তু যখন আপনার নিজেরই সহায়তা দরকার হয়, তখন মানুষ কমে যায়। এই কমে যাওয়াটাই কষ্টের হলেও প্রয়োজনীয়।
যারা আপনার বিপদে পাশে থাকে, তাদের মূল্য বুঝুন। তারা হয়তো অনেক কথা বলে না, কিন্তু প্রয়োজনে আপনার পাশে দাঁড়ায়। আর যারা আনন্দের দিনে ছবি তোলে, কিন্তু কঠিন দিনে ফোন ধরতেও চায় না, তাদের নিয়ে আর মন খারাপ করার দরকার নেই। জীবন নিজেই তাদের পরিচয় করিয়ে দিয়েছে।
সবাইকে আপন ভাবার অভ্যাস মানুষকে বারবার আঘাত দেয়। সবাই আপনার ঘরে প্রবেশের যোগ্য নয়, সবাই আপনার মনের খবর জানার মতো নিরাপদ নয়। মানুষ বেছে নিতে শেখা অভিমান নয়; এটা পরিণত হওয়া। যাদের উপস্থিতিতে আপনার মন শান্ত থাকে, যাদের কথায় আপনি নিজের ভরসা ফিরে পান, তাদেরই জীবনে রাখুন। সংখ্যার চেয়ে সত্যিকারের মানুষ অনেক বেশি মূল্যবান।
লেখক: মাহবুব সরদার সবুজ