সঠিক দূরত্ব আত্মরক্ষা
জীবনদর্শন |
কিছু মানুষ আপনার জীবনে থাকবে শুধু আপনার শক্তি কমিয়ে দেওয়ার জন্য। তারা সরাসরি শত্রু নয়, আবার সত্যিকারের আপনও নয়। তারা আপনার সিদ্ধান্তে সন্দেহ ঢুকিয়ে দেয়, আপনার আনন্দে প্রশ্ন তোলে, আপনার সাফল্যে ত্রুটি খোঁজে। তাদের সঙ্গে কথা বলার পর আপনার মন হালকা হয় না, বরং আরও ক্লান্ত লাগে। এমন মানুষদের কাছ থেকে দূরত্ব রাখা নিষ্ঠুরতা নয়, আত্মরক্ষা।
জীবনে কাদের কাছে বসবেন, কাদের সঙ্গে সময় কাটাবেন, কাদের কথা নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন—এসব খুব গুরুত্বপূর্ণ। মানুষ শুধু খাবার দিয়ে বাঁচে না, সে পরিবেশ দিয়েও গড়ে ওঠে। ভুল পরিবেশ ভালো মানুষকেও সন্দেহে ভরিয়ে দেয়, আর ভালো পরিবেশ ক্লান্ত মানুষকেও সাহস ফিরিয়ে দিতে পারে।
নিজের চারপাশ সচেতনভাবে নির্বাচন করুন। যারা আপনাকে সত্য বলবে কিন্তু ভাঙবে না, সংশোধন করবে কিন্তু অপমান করবে না, আপনার উন্নতিতে খুশি হবে—তাদের কাছেই থাকুন। শান্ত জীবন অনেক সময় সঠিক দূরত্বের ফল।
নিজেকে এমন মানুষের কাছে রাখুন, যাদের পাশে আপনার সাহস বাড়ে। জীবন খুব ছোট; তা প্রতিদিন মানসিক ক্লান্তির হাতে তুলে দেওয়া ঠিক নয়।
লেখক: মাহবুব সরদার সবুজ