সঠিক হওয়ার চেয়ে সৎ হওয়া জরুরি
ছোট লেখা |
যে মানুষ নিজের ভুল স্বীকার করতে পারে, সে কখনো ছোট হয়ে যায় না। বরং ভুল স্বীকার করার সাহসই মানুষকে বড় করে। পৃথিবীতে সবাই ভুল করে, কিন্তু সবাই নিজের ভুলের সামনে দাঁড়াতে পারে না। কেউ অজুহাত বানায়, কেউ অন্যকে দোষ দেয়, কেউ নিজের অহংকার বাঁচাতে সত্যকে এড়িয়ে যায়। অথচ একটি সৎ স্বীকারোক্তি অনেক সম্পর্ক বাঁচাতে পারে, অনেক দূরত্ব কমাতে পারে, অনেক ক্ষত সারিয়ে দিতে পারে।
ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুলের পর আচরণই চরিত্র প্রকাশ করে। আপনি যদি কারো মনে কষ্ট দিয়ে থাকেন, তাহলে ক্ষমা চাইতে দেরি করবেন না। ক্ষমা চাওয়া মানে নিজেকে অপমান করা নয়; বরং অন্যের অনুভূতিকে মূল্য দেওয়া। যে মানুষ নিজের অহংকারের চেয়ে সম্পর্ককে বড় করে দেখে, সে-ই মানুষের হৃদয়ে দীর্ঘদিন থাকে। আর যে মানুষ সবসময় নিজেকে সঠিক প্রমাণ করতে চায়, সে একদিন সত্যিকারের মানুষগুলোকে হারায়।
সঠিক হওয়ার চেয়ে সৎ হওয়া জরুরি। কারণ সঠিকতার দাবি দিয়ে সম্পর্ক টেকে না, সম্পর্ক টেকে বিনয়, দায়িত্ব আর আন্তরিকতায়। ভুল করলে স্বীকার করুন, শিখুন, বদলান। এই বদলই মানুষকে সুন্দর করে।
লেখক: মাহবুব সরদার সবুজ