তোমাকে ছাড়া একা
কবিতা |
একদিন প্রশ্ন ছিল তোমার,
"একাকীত্ব কি তোমায় গ্রাসে না?"
আমার উত্তর ছিল, "কখনো না।"
অথচ সত্য, একাকীত্বে ভয় নেই আমার—
ভয় শুধু তোমাহীন একাকীত্বে।
তোমার ছোঁয়ায় নির্জনতাও হতো মধুর,
তুমি বিহনে জনারণ্যেও আমি একা।
এ গভীর ব্যবধান বোঝাতে পারিনি তোমায়,
হয়তো সে ভাষা ছিল না আমার জানা।
আজ তুমি নেই, আর আমি সেই শূন্যতার সঙ্গী,
যাকে চিনতাম না ভয়ে, আজ সে নিত্য সহচর।
তোমাহীন পথচলা শিখেছি বটে,
কিন্তু এ শিক্ষা, হে প্রিয়, ছিল অনাকাঙ্ক্ষিত।
লেখক: মাহবুব সরদার সবুজ